চাঁপাইনবাবগঞ্জে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজশাহী-রহনপুর রুটে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৫টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা থেকে আমনুরা জংশনের উদ্দেশ্যে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটির চারটি বগি দুর্ঘটনায় লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
এ কারণে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস (১৬ ডাউন), পুনর্ভবা লোকাল এবং রহনপুর কমিউটার ট্রেন চলাচল স্থগিত রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।
আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার জানিয়েছেন, খবর পাওয়ার পর ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা থেকে উদ্ধার ও পুনরুদ্ধার কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করার চেষ্টা চলছে।
তবে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকলেও চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে দেশের অন্যান্য রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে
Ekhoni News