নরসিংদীতে সংঘটিত কিশোরী ধর্ষণ ও হত্যার আলোচিত ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেফতার সাত আসামির প্রত্যেককে ৮ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (১ মার্চ) সকালে নরসিংদীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (দ্বিতীয়) মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওমর কাইয়ুম গত শুক্রবার ও শনিবার পৃথকভাবে আসামিদের বিরুদ্ধে ১০ দিনের করে রিমান্ড আবেদন করেন।
রিমান্ড শুনানির আদালতে বাদীপক্ষের আইনজীবী স্বপ্রণোদিত হয়ে উপস্থিত থাকলেও আসামিপক্ষের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। গত শুক্রবার দিবাগত রাতে ভারতে পালানোর চেষ্টা করার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে আটক করা হয়। একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে অপর আসামি হযরত আলীকেও গ্রেফতার করা হয়।
এর আগে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নূরার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র কিশোরী আমিনাকে তার বাবার কাছ থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ৯ জনকে আসামি করা হলেও ইতোমধ্যে তাদের মধ্যে ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পেছনের প্রকৃত কারণ ও জড়িত অন্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।
Ekhoni News