ঢাকা | বঙ্গাব্দ

সৌদিতে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বাংলাদেশিসহ ২

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 27
সৌদিতে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বাংলাদেশিসহ ২ ছবির ক্যাপশন : সৌদি আরবের আল-খারজ শহর।
ad728

সৌদি আরবের রিয়াদ প্রদেশের আল-খারজ এলাকায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় বাংলাদেশিসহ অন্তত দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কমপক্ষে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্যের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি প্রজেক্টাইল আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে গিয়ে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আশপাশের বেশ কয়েকজন বাসিন্দা আহত হন।

নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং অপরজন ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আল-খারজ শহরটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছিল, তারা সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, আল-খারজ অঞ্চলের একটি রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

তবে যে ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনে আঘাত হেনেছে, সেটি ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে কিনা—এ বিষয়ে এখনো সৌদি বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এরপর থেকেই ইরান ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনস্যুলেটেও হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এসব ঘটনার ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস