তিন দিনের নির্ধারিত কর্মসূচি নিয়ে আগামী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সচিবালয়ের এক অফিস আদেশে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, সফরের প্রথম দিনে দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি। এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন এবং বিকেল ৫টায় সেখানে পৌঁছানোর কথা রয়েছে। কক্সবাজারে পৌঁছে তিনি সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কক্সবাজার থেকে পেকুয়া উপজেলার মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করবেন সিইসি। সেখানে তিনি তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে দুপুর ২টা ৩০ মিনিটে একই পথ ধরে পুনরায় কক্সবাজার সার্কিট হাউজে ফিরে আসবেন এবং সেখানে রাত্রীযাপন করবেন।
সফরের শেষ দিন, রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। দুপুর ২টা ৪৫ মিনিটে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে।
এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
Ekhoni News