Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কুট্টাপাড়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য দেশি-বিদেশি নানা চক্রান্ত চলছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যাচ্ছে, কীভাবে বিদেশে থাকা বাংলাদেশিদের ব্যালট পেপার একটি নির্দিষ্ট দল দখলে নেওয়ার চেষ্টা করেছে। একই ধরনের ষড়যন্ত্র দেশের ভেতরেও হচ্ছে। অতীতে যেভাবে নিশিরাতের নির্বাচন হয়েছে, আবারও সেই পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে যেমন সব ধর্ম ও বর্ণের মানুষ অংশগ্রহণ করেছিলেন, তেমনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একার নয়—এই দেশ সবার। সবার আগে বাংলাদেশ।

জনসভায় দেওয়া প্রতিশ্রুতিতে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। গরিব ও অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হবে। দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি মসজিদ-মাদ্রাসার ইমাম ও মুয়াজ্জিনদের জন্যও বিশেষ ভাতা চালুর ঘোষণা দেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপি ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

দলীয় সূত্র জানায়, প্রায় ১৭ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার কুট্টাপাড়ায় এমন বড় জনসভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টার পর থেকেই নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন। রাত ১০টার দিকে তারেক রহমান মঞ্চে উপস্থিত হলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। তিনি মঞ্চে ওঠার আগে সামনের সারির নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF