Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : নিজ স্বার্থে ওসমান হাদিকে বলি দিচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: কাদের

নিজ স্বার্থে ওসমান হাদিকে বলি দিচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: কাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আবারও নিজের বক্তব্যের কারণে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর বাজারে ঢাকা-৮ আসনে গণসংযোগ চলাকালে দেওয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

নির্বাচনী প্রচারের সময় তিনি তার প্রতিদ্বন্দ্বী এক প্রভাবশালী রাজনীতিককে ইঙ্গিত করে আক্রমণাত্মক ভাষায় কথা বলেন। এ সময় তিনি অতীতের রাজনৈতিক ঘটনাবলির উল্লেখ করে হুঁশিয়ারিমূলক মন্তব্য করেন এবং নির্বাচনী মাঠে শক্ত অবস্থানের ঘোষণা দেন।

তার বক্তব্যের পরপরই এনসিপির ভেতর থেকেই সমালোচনার ঝড় ওঠে। দল থেকে সদ্য পদত্যাগ করা তাজনূভা জাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষা ও আচরণকে ‘উদ্ধত ও দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দেন। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বর্তমান বক্তব্য ও রাজনৈতিক আচরণের কোনো মিল নেই।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্রসংসদের সাবেক আহ্বায়ক আব্দুল কাদেরও কঠোর সমালোচনা করেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থী এবং এতে নতুন করে সংঘাতের পরিবেশ তৈরি হচ্ছে। তার অভিযোগ, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ রক্ষায় ওসমান হাদির মতো সহকর্মীদের বলি দেওয়া হচ্ছে।

আব্দুল কাদের আরও বলেন, আন্দোলনের সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ভূমিকা নিয়ে অতিরঞ্জন করা হচ্ছে। তার দাবি, গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অতীত রাজনৈতিক ইতিহাস ও বাস্তব অবদান বিবেচনায় নেওয়া হয়নি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর এই বক্তব্য ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে এনসিপির ভেতরে এবং বাইরেও রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF