Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : ভোটের অধিকার রক্ষায় কঠোর বার্তা দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ভোটের অধিকার রক্ষায় কঠোর বার্তা দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ভোটের অধিকার রক্ষায় কোনো আপস হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একজনের ভোট অন্য কেউ দেওয়ার দিন শেষ। প্রত্যেক নাগরিক নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেবেন— এটিই প্রকৃত গণতন্ত্রের মূল কথা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কেউ যদি জনগণের ভোট নিয়ে অন্য কোনো পরিকল্পনা করেন, তাহলে যুবসমাজ কঠোরভাবে প্রতিবাদ করবে। তিনি সতর্ক করে বলেন, ভোট নিয়ে ষড়যন্ত্র করলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

তিনি আরও বলেন, “আমার ভোট আমি দেব, তোমার ভোট তুমি দেবে। কারও ভোট অন্য কেউ দেবে— এমন ব্যবস্থা আর চলবে না। জনগণের ইচ্ছার প্রতিফলনই হচ্ছে প্রকৃত গণতন্ত্র।”

চাঁদাবাজদের উদ্দেশে তিনি কঠোর ভাষায় বলেন, অবৈধভাবে চাঁদা আদায় বন্ধ করতে হবে। হারাম উপার্জন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে বৈধ উপায়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে। মানুষের ওপর জুলুম করে অর্থ আদায় করা বন্ধ করার জন্য তিনি তওবা করে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান।

তিনি বলেন, যারা চাঁদাবাজি ছেড়ে দেবে, তাদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সাম্প্রতিক পরিবর্তনের পরও যারা সংস্কার ও পরিবর্তনের চেতনা মানতে চায় না, তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। চরিত্র ও মানসিকতার পরিবর্তন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF