Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : জরিপে এগিয়ে বিএনপি জোট, ভোটারদের ৫২.৮০ শতাংশের সমর্থন

জরিপে এগিয়ে বিএনপি জোট, ভোটারদের ৫২.৮০ শতাংশের সমর্থন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মতামত নিয়ে পরিচালিত এক জরিপে বিএনপি জোটের প্রতি উল্লেখযোগ্য সমর্থনের চিত্র উঠে এসেছে। সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের পরিচালিত এই জরিপ অনুযায়ী, মোট ৫২.৮০ শতাংশ ভোটার বিএনপি জোটকে ভোট দিতে আগ্রহী।

জরিপে আরও দেখা গেছে, জামায়াত ও এনসিপি জোটের প্রতি সমর্থন রয়েছে ৩১ শতাংশ ভোটারের। এছাড়া ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ১ শতাংশ উত্তরদাতা। তবে ভোট নিয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেননি বা আগ্রহ প্রকাশ করেননি এমন মানুষের হার ১৩.২ শতাংশ।

শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

সম্ভাব্য সরকার প্রধান হিসেবে কার নাম এগিয়ে—এমন প্রশ্নে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৭.৬ শতাংশ তারেক রহমানকে এগিয়ে রেখেছেন। জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সমর্থন করেছেন ২২.৫ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে, নাহিদ ইসলামকে সম্ভাব্য সরকার প্রধান হিসেবে দেখছেন ২.৭ শতাংশ মানুষ।

জরিপে গণভোট সংক্রান্ত প্রশ্নেও মতামত উঠে আসে। এতে দেখা যায়, ৬০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে এ বিষয়ে ২২ শতাংশ মানুষ নিজেদের অজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন এবং ২২.২ শতাংশ উত্তরদাতা কোনো মতামত দেননি।

জরিপ সংশ্লিষ্টরা জানান, এই ফলাফল তাৎক্ষণিক জনমতকে প্রতিফলিত করে, তবে এটি চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্তের নির্দেশক নয়। সময়ের সঙ্গে ভোটারদের মনোভাব পরিবর্তিত হতে পারে বলেও তারা উল্লেখ করেন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF