Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : ভোটার স্থানান্তর নিয়ে ইসির তথ্য নিয়ে প্রশ্ন তুললেন নজরুল ইসলাম খান

ভোটার স্থানান্তর নিয়ে ইসির তথ্য নিয়ে প্রশ্ন তুললেন নজরুল ইসলাম খান

ভোটার স্থানান্তর সংক্রান্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য সঠিক নয় বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিভিন্ন আসনে দুই থেকে তিন হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি—এমন তথ্য বাস্তবতার সঙ্গে মিলছে না।

রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খানের দাবি, এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ নির্বাচন কমিশনকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধারাবাহিকভাবে আচরণবিধি লঙ্ঘন করছে, যা শুধু আইন ভঙ্গ নয়, ধর্মীয় অনুভূতিতেও আঘাত করছে। কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) লঙ্ঘিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনে বিএনসিসি শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখার বিরোধিতা করে তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপরই থাকা উচিত। পাশাপাশি, যারা প্রকৃত অর্থে নির্বাচন পর্যবেক্ষণের সক্ষমতা রাখে, তাদেরই পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া উচিত বলে মত দেন তিনি।

এ ছাড়া নির্বাচনের দুই দিন আগে স্থানীয় নয় এমন বাসিন্দাদের সংশ্লিষ্ট এলাকা ত্যাগের ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় বিএনপি। একই সঙ্গে ইলেকটোরাল এনকোয়ারি কমিটিকে আরও সক্রিয় ও দৃশ্যমান করার দাবি জানানো হয়।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF