Logo
প্রিন্টের তারিখ: 28 May 2026 | প্রকাশের তারিখ: May 27, 2026

সংবাদ শিরোনাম : টুইটার হ্যাকের অভিযোগ: দোষীদের চিহ্নিত করা হয়েছে, মুখোশ উন্মোচনের ঘোষণা জামায়াত আমিরের

টুইটার হ্যাকের অভিযোগ: দোষীদের চিহ্নিত করা হয়েছে, মুখোশ উন্মোচনের ঘোষণা জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করে আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং শিগগিরই তাদের পরিচয় জাতির সামনে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়েই একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় জামায়াত। তার ভাষায়, তরুণরা নেতৃত্ব দেবে, আর অভিজ্ঞরা পেছন থেকে দিকনির্দেশনা দেবে।

তিনি আরও বলেন, অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং নারীর প্রতি সহিংসতা বা হয়রানির কোনো সুযোগ রাখা হবে না। চাঁদাবাজির বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

বক্তব্যে তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, ক্ষমতার রাজনীতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। নির্বাচনে জনগণ ন্যায়বিচারের পক্ষে রায় দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে একই দিনে জামালপুরের সিংহজানীতে এক জনসভায় জামায়াত আমির বলেন, এই নির্বাচন অতীতের রাজনৈতিক সংস্কৃতি বদলের একটি সুযোগ। তার মতে, দীর্ঘদিনের সংকটময় রাজনীতি থেকে বেরিয়ে আসতে জনগণের অংশগ্রহণ জরুরি।

উল্লেখ্য, শনিবার বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি বিতর্কিত পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF