Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : সাদিও মানের গোলে নাটকীয় জয়, শিরোপা দৌড়ে টিকে রইল আল নাসর

সাদিও মানের গোলে নাটকীয় জয়, শিরোপা দৌড়ে টিকে রইল আল নাসর

সৌদি প্রো লিগে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে আল রিয়াদের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আল নাসর। ম্যাচের একমাত্র গোলটি করেন সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে, যা শিরোপা দৌড়ে দলটির জন্য দারুণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) প্রিন্স তুর্কি বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। সেন্টার ফরোয়ার্ড হিসেবে মাঠে নামেন আবদুর রহমান ঘারিব, তার দুই পাশে ছিলেন জোয়াও ফেলিক্স ও সাদিও মানে। ম্যাচের ১৪ মিনিটেই বড় সুযোগ তৈরি করলেও গোল পায়নি সফরকারীরা। কিছুক্ষণ পর দূরপাল্লার শটে গোলরক্ষককে পরীক্ষা নেন ফেলিক্স।

প্রথমার্ধের শেষদিকে আসে ম্যাচের একমাত্র গোল। বিরতির পাঁচ মিনিট আগে বক্সের মাঝখান থেকে নিখুঁত ফিনিশে জাল খুঁজে নেন মানে। সম্প্রতি আফ্রিকান কাপ জিতে ফেরা এই ফরোয়ার্ডের গোলে এগিয়ে যায় আল নাসর।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আল রিয়াদ। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোল আদায় করতে পারেনি তারা। ম্যাচের ৮৯ মিনিটে এনেস সালির শট অল্পের জন্য বাইরে চলে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে আল নাসরের সমর্থকরা। যোগ করা সময়ের চাপ সামলে লিড ধরে রাখে দলটির রক্ষণভাগ।

এই জয়ে টানা পঞ্চম ম্যাচ জিতলো আল নাসর। ১৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল। ফলে শিরোপা লড়াইয়ে উত্তেজনা আরও বেড়ে গেল।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF