Logo
প্রিন্টের তারিখ: 28 May 2026 | প্রকাশের তারিখ: May 27, 2026

সংবাদ শিরোনাম : প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, শিক্ষা ও উন্নয়ন অগ্রগতি তুলে ধরলেন

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, শিক্ষা ও উন্নয়ন অগ্রগতি তুলে ধরলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে নিয়মিত অবহিতকরণের ধারাবাহিকতায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ পর্যায়ে বিদায় উপলক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য দায়িত্ব পালনের গত দেড় বছরে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতে তিনি শিক্ষা ও গবেষণার অগ্রগতি, শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত সাম্প্রতিক পদক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত একটি সালতামামি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান উপাচার্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে প্রধান উপদেষ্টার অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেন।

সাক্ষাৎ শেষে উপাচার্য প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং শিল্পী আলপ্তগীন তুষারের অঙ্কিত একটি প্রতিকৃতি উপহার দেন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF