Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : জুলাই সনদ জাতির স্মৃতিতে থাকবে: বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস

জুলাই সনদ জাতির স্মৃতিতে থাকবে: বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে জুলাই সনদ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার মতে, গণভোটে বিপুল জনসমর্থনের মাধ্যমে অনুমোদিত এই সনদ বাস্তবায়িত হলে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের সুযোগ চিরতরে বন্ধ হয়ে যাবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া নয়টায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এ মন্তব্য করেন। নির্ধারিত সময়সীমার মধ্যেই জুলাই সনদের বাস্তবায়ন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নানা সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে আলোচনা-সমালোচনা থাকতে পারে, কিন্তু জুলাই সনদের অবদান জাতি কখনো ভুলবে না। এই সনদ প্রণয়ন ও গণভোটে পাশ করানোর পেছনে যেসব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং অধিকার রক্ষায় কাজ করা প্রতিষ্ঠান নিরলস পরিশ্রম করেছে, তাদের সবাইকে অভিনন্দন জানান তিনি।

এছাড়া তিনি উল্লেখ করেন, এবারের নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। বিদেশে থাকা নাগরিকদের অংশগ্রহণকে তিনি গণতান্ত্রিক অগ্রগতির বড় পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। সামাজিক মাধ্যমে প্রবাসী ভোটারদের উচ্ছ্বাস দেখে একজন নাগরিক হিসেবে তিনি গভীর আনন্দ অনুভব করেন বলেও জানান।

ভবিষ্যতে আরও বেশি প্রবাসী যেন নিরাপদ ও নিশ্চিন্তে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF