ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ ভবনে। সকাল ১০টায় সংসদ সচিবালয়ের নির্ধারিত কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাদের শপথ পড়ান।
সকালের শুরু থেকেই নবনির্বাচিত এমপিদের সংসদ ভবন এলাকায় আসতে দেখা যায়। শপথ অনুষ্ঠান ঘিরে পুরো এলাকায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। সংসদ ভবনের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জমে ওঠে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। তারা নতুন প্রতিনিধিদের শুভেচ্ছা জানাতে সেখানে জড়ো হন।
নতুন সংসদ সদস্যরা জানান, এবারের সংসদ জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে গণতন্ত্র ও উন্নয়নের ধারা এগিয়ে নিতে চান। একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
শপথ অনুষ্ঠান কয়েকটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সদস্যদের জন্য আলাদা সেশন রাখা হয়েছে। শপথ শেষে এমপিরা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। অনুষ্ঠানটি শুধুমাত্র সংসদ সদস্যদের জন্য নির্ধারিত, কোনো অতিথি উপস্থিত থাকবেন না।
বিকেলে একই স্থানে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণত বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ আয়োজন করা হলেও এবার সংসদ ভবনেই তা সম্পন্ন হবে।