জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে এক ইমামকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী মসজিদের ভেতর থেকেই ইমাম শাইখ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করে।
গ্রেফতারের পেছনের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি পুলিশ। তবে এ ঘটনার পর পুরোনো শহর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে আল-আকসা ঘিরে নিরাপত্তা বিধিনিষেধ আরও কড়াকড়ি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইমাম, খতিব এবং সাধারণ মুসল্লিদের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রবেশে নানা সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে বলে দাবি ফিলিস্তিনি সূত্রগুলোর। একই সঙ্গে পুলিশের নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের প্রবেশের ঘটনাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রমজান মাস শুরুর আগে এমন পদক্ষেপ মুসলিম বিশ্বে উদ্বেগ ও ক্ষোভ তৈরি করেছে। জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি অভিযোগ করেছেন, পবিত্র মাসে মুসল্লিদের আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে ইসরায়েলি প্রশাসন।
এক বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠন হামাস দাবি করেছে, আটক ইমামকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের মতে, এটি আল-আকসার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত। সংগঠনটি আরও অভিযোগ করেছে, রমজানকে সামনে রেখে মসজিদের প্রস্তুতিমূলক কাজেও বাধা সৃষ্টি করা হচ্ছে।