Logo
প্রিন্টের তারিখ: 28 May 2026 | প্রকাশের তারিখ: May 27, 2026

সংবাদ শিরোনাম : বরিশালে হোগলপাতা ক্ষেতে মিলল রক্তাক্ত বৃদ্ধের মরদেহ

বরিশালে হোগলপাতা ক্ষেতে মিলল রক্তাক্ত বৃদ্ধের মরদেহ

বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের একটি হোগলপাতা ক্ষেত থেকে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তি মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬০)। তিনি উত্তর কড়াপুর এলাকার মৃত নজির চৌধুরীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়পাশা কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট–কাশিপুর বাজার সড়কের উত্তর পাশে একটি হোগলপাতা ক্ষেতের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তার মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF