Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যস্ত সময় পার করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন তিনি।

সকালের বৈঠকে প্রধানমন্ত্রী দেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও বাহিনীগুলোর চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)-এর মহাপরিচালকদের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন।

বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করার জন্য আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জন্য একটি সমন্বিত সেবা ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা করা হয়।

দুপুরের পর প্রধানমন্ত্রী আরও একটি আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

সার্বিকভাবে দিনের বৈঠকগুলোতে উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF