দেশের শিক্ষা ব্যবস্থাকে দলীয় প্রভাবমুক্ত রেখে একটি দক্ষ, ন্যায়ভিত্তিক ও প্রযুক্তিসক্ষম প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শিক্ষা হবে রাষ্ট্র গঠনের প্রধান হাতিয়ার। এ খাতে কোনো ধরনের দলীয় রাজনীতি করা হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় বাংলা ও ইংরেজির পাশাপাশি প্রয়োজনীয় বিদেশি ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে মাধ্যমিক স্তর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যন্ত সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নিয়মিত অগ্রগতি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনগণ ও গণমাধ্যমকে অবহিত রাখা হবে বলেও জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কল্পিত ‘দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ’ বাস্তবায়নে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, বাজেট, শ্রেণিকক্ষ, পরীক্ষা ও কর্মসংস্থান—সব পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা হবে।
এছাড়া আসন্ন ঈদুল ফিতরের পর প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে একটি জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী।