Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : শিক্ষকদের দাবি মন্ত্রণালয়েই সমাধান, রাজপথে নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের দাবি মন্ত্রণালয়েই সমাধান, রাজপথে নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আর আন্দোলনে রাজপথে নামার প্রয়োজন নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এ বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ও আন্তরিক।


রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়ে দেখছেন, ফলে শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে আলাদা করে আন্দোলনের প্রয়োজন পড়বে না।


শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষকদের দাবিগুলো আমরা গুরুত্বসহকারে বিবেচনা করবো। তবে একইসঙ্গে শিক্ষকদেরও শিক্ষার মান উন্নয়নে নিজেদের ভূমিকা সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। শুধু সমস্যা নয়, সমাধানের দিকেও নজর দিতে হবে।”


ঈদ বোনাসের বিষয়ে মন্ত্রী জানান, শতভাগ বোনাসের দাবি সরকার পর্যালোচনা করবে। তিনি বলেন, “চলতি অর্থবছরের বাজেটে বিষয়টি উল্লেখ না থাকলেও আমরা এটি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবো এবং আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।”


এছাড়া দেশের ৬৪ জেলায় সৎ মানুষ নেই—এমন অভিযোগ প্রসঙ্গে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন, তিনি ও তার সহকর্মীরা শপথ নিয়েছেন দুর্নীতির সঙ্গে কোনো আপস করবেন না। তিনি বলেন, “আমরা নিজেরা দুর্নীতি করবো না এবং অন্য কাউকেও করতে দেবো না।”


শিক্ষকদের দাবির বিষয়ে ইতিবাচক মনোভাবের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF