Logo
প্রিন্টের তারিখ: 28 May 2026 | প্রকাশের তারিখ: May 27, 2026

সংবাদ শিরোনাম : ঢাবির উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ

ঢাবির উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিসির পদত্যাগপত্র গ্রহণ করা হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত ও প্রশাসনিক নানা কারণ উল্লেখ করে ড. নিয়াজ আহমদ খান এই সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে একটি সংবাদ সম্মেলনে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে এবং দায়িত্ব পালনের একটি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে। সে প্রেক্ষাপটে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন বলেও জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক সরকার যেন নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রশাসনিক কাঠামো সাজাতে পারে, সেই সুযোগ করে দিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা শুরু হয়েছে। পদত্যাগপত্র গ্রহণের পর পরবর্তী ভিসি নিয়োগের বিষয়ে সরকারের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট সবার।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF