রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর পুলিশের মারধরের ঘটনায় চারজন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর এই সিদ্ধান্ত নেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি জানান, অভিযানের সময় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট চার সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে তদন্ত করা হবে।
এর আগে সোমবার রাতে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানের মধ্যে পড়ে দুইজন মাল্টিমিডিয়া সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ কয়েকজন সাধারণ দর্শনার্থী পুলিশের মারধরের শিকার হন বলে অভিযোগ ওঠে।
ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে ঘটনার নিন্দা জানানো হয় এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
এদিকে, ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন। তারা ডিসি মাসুদ আলমের অপসারণসহ দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।