Logo
প্রিন্টের তারিখ: 17 March 2026 | প্রকাশের তারিখ: Mar 17, 2026

সংবাদ শিরোনাম : ইরানের দাবি: হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, অস্বীকার সেন্টকম

ইরানের দাবি: হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, অস্বীকার সেন্টকম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০০ জন মার্কিন সেনা নিহত হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর প্রতিবেদনে বলা হয়, ইরান তাদের এই হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে আঘাত হানে। আইআরজিসি আরও দাবি করে, এই হামলায় যুক্তরাষ্ট্রের একটি রণতরী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এই অভিযানকে ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’ নামে উল্লেখ করে এটিকে বড় ধরনের সাফল্য হিসেবে তুলে ধরছে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকম ইরানের এই দাবিগুলো সরাসরি নাকচ করে দিয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের এক মুখপাত্র বলেন, ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হওয়ার তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং অতিরঞ্জিত। তিনি আরও জানান, কোনো মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটেনি।

সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলাকেই প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে দুই পক্ষের পরস্পরবিরোধী দাবির কারণে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF